Sunday, 20 February 2022

মার্চে বাংলাদেশে আসছে আর্জেন্টিনা


 চলতি বছরের মার্চে ঢাকায় দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট। আসরে এর আগে ৫টি দেশ অংশ নিলেও এবার আর্জেন্টিনা, ইংল্যান্ড, দক্ষিণ কোরিয়াসহ ১২টি দেশ অংশ নেওয়ার কথা জানা গেছে। তবে এবারও অংশ নেবে না ভারত।


আগামী ৫-১৮ মার্চ বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের তারিখ নির্ধারণ করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। আসর সামনে রেখে ইতোমধ্যে ১২টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে রোববার (২০ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমকে জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।

এ বিষয়ে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেন, ‘আমরা নেপাল, শ্রীলংকা, ইরান, কোরিয়া, কেনিয়া, পোল্যান্ড, আর্জেন্টিনা, মালয়েশিয়া, ইংল্যান্ড, ইরাক ও মিসরকে আমন্ত্রণ জানিয়েছি। বেশ কয়েকটি দেশ ইতোমধ্যে অংশগ্রহণের নিশ্চয়তা দিয়েছে।’ হাবিবুর রহমান বলেন, ‘আর্জেন্টিনা খেলবে বলে মৌখিকভাবে সম্মতি জানিয়েছে। তাদের কিছু সমস্যা আছে। অনেক দূরের দেশ, বিশাল একটা খরচ আছে। তারা এখনো স্পন্সর ফাইনাল করতে পারেনি। তাই মৌখিক সম্মতি পেলেও শেষ পর্যন্ত তারা বাংলাদেশের উদ্দেশে বিমান ধরে কি না, সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না।’

এর বাইরেও জাপান, মালয়েশিয়া, থাইল্যান্ডকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু করোনার কারণে জাপান ও থাইল্যান্ড আসবে না বলে কাবাডি ফেডারেশনকে জানিয়ে দিয়েছে। অন্যদিকে মালয়েশিয়া দল তাদের সরকারের অনুমতি পায়নি বলে অংশ নিতে পারবে না।

এই পাঁচ দলকে বাদ দিয়ে বাকি সাত দলের বিষয়ে আশাবাদী বাংলাদেশ কাবাডি ফেডারেশন। এর আগে গত বছর মার্চে আয়োজিত প্রথম বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে অংশ নিয়েছিল কেনিয়া, পোল্যান্ড, শ্রীলংকা ও নেপাল। সেবার বাংলাদেশ কেনিয়াকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল।
এদিকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলংকা ও নেপালকে টুর্নামেন্টে পেলেও ভারত ও পাকিস্তানকে পাচ্ছে না বাংলাদেশ।

এদিকে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট উপলক্ষে আগামী ২৪ ফেব্রুয়ারি আন্তঃমন্ত্রণালয়ের সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। সেদিনই নির্ধারণ হবে কাদের নিয়ে দ্বিতীয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: