Showing posts with label শিক্ষা. Show all posts
Showing posts with label শিক্ষা. Show all posts

Wednesday, 16 March 2022

ইউনিফর্ম না পরায় ছাত্রীকে স্কুল থেকে বের করে দিলেন প্রধান শিক্ষক

ইউনিফর্ম না পরায় ছাত্রীকে স্কুল থেকে বের করে দিলেন প্রধান শিক্ষক

 


দিনাজপুর: করোনার কারণে দীর্ঘদিন পর খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান।  মঙ্গলবার (১৫ মার্চ) থেকে পুরোদমে ক্লাস শুরু হয়েছে।

অনেক আশা আর কৌতূহল নিয়ে নতুন শ্রেণিতে ক্লাস করতে গিয়েও ফিরে আসতে হয়েছে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া সিনহা স্বর্ণাকে। ইউনিফর্ম পরে না যাওয়ায় প্রধান শিক্ষক তাকে স্কুল থেকে বের করে দেন।

মঙ্গলবার দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থী সুমাইয়া সিনহা স্বর্ণা পৌর শহরের রামচন্দ্রপুর গ্রামের সুপারি ব্যবসায়ী মো. শাহিনুর ইসলামের মেয়ে। সে থ্যালাসেমিয়া রোগী বলে জানিয়েছে তার পরিবার।  

জানা যায়, মঙ্গলবার সকালে সাধারণ পোশাকে ফুলবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যায় সুমাইয়া। এসময় ইউনিফর্ম না পরে আসার কারণে সুমাইয়াসহ বেশ কয়েকজন শিক্ষার্থীকে ক্লাস রুম থেকে ডেকে এনে সবার সামনে অপমান করে বিদ্যালয় থেকে বের করে দেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাসেম আলী। এসময় শিক্ষার্থীরা অনেক অনুরোধ করলেও বিদ্যালয়ে আর ঢুকতে দেননি তিনি।  

শিক্ষার্থী সুমাইয়া জানায়, কয়েকদিন আগে ইউনিফর্ম পরে স্কুলে যাওয়ার নির্দেশনা পেয়ে টেইলার্সে ইউনিফর্ম বানাতে দেন তার বাবা। কিন্তু টেইলর এখনো ইউনিফর্ম তৈরি করতে না পারায় মঙ্গলবার সকালে সে সাধারণ পোশাকেই স্কুলে চলে যায়। কিন্তু প্রধান শিক্ষক তাকেসহ কয়েকজনকে ক্লাস রুম থেকে ডেকে নিয়ে সবার সামনে অপমান করে স্কুল থেকে বের করে দেন।  

ওই শিক্ষার্থী বাবা মো. শাহিনুর ইসলাম বলেন, সকালে নিজেই অসুস্থ মেয়েকে স্কুলে রেখে সহকারী শিক্ষকদের বলেছি যে আমার মেয়ের ইউনিফর্ম তৈরি করা হয়েছে। দর্জির কাছে রয়েছে। কাল থেকে ইউনিফর্ম পরে স্কুলে আসবে আমার মেয়ে। এর কিছুক্ষণ পরে শুনি সুমাইয়াকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে।  

তিনি আরও বলেন, আমার মেয়ে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হওয়ায় প্রতিমাসে তাকে তিন থেকে চার ব্যাগ রক্ত দিতে হয়। চিকিৎসার জন্য প্রতিমাসে প্রায় ছয় থেকে সাত হাজার টাকা খরচ হয়। এ পর্যন্ত তার চিকিৎসা করাতে গিয়ে শেষ সম্বল বাড়িটিও বিক্রি করতে হয়েছে। স্কুল থেকে বের করে না দিয়ে আমাকে জানালে আমি তাকে বাড়িতে নিয়ে আসতাম। এভাবে একটা অসুস্থ বাচ্চাকে বের করে দেওয়া কতটুকু যুক্তিসঙ্গত? 

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাসেম আলী বলেন, নির্দেশনা অনুযায়ী সব শিক্ষার্থীকে ইউনিফর্ম পরে বিদ্যালয়ে আসতে বারবার বলা হলেও অনেকে পরে আসেনি। তাই তাদের স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে।  

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শমসের আলী মণ্ডল জানান, শিক্ষার্থীদের ইউনিফর্ম বা স্কুল ড্রেস পরার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে শিক্ষার্থীদের তাগিদ দেওয়ার জন্য। তবে এ রকম কোনো কথা বলা হয়নি। বিষয়টি অযাচিত।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিন বলেন, আমি কিছুক্ষণ আগে ঘটনাটি শুনেছি। আমি বিষয়টি নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলব। 

Tuesday, 1 March 2022

মাধ্যমিকেও শিগগিরই স্বাভাবিক শিক্ষা কার্যক্রম: শিক্ষামন্ত্রী

মাধ্যমিকেও শিগগিরই স্বাভাবিক শিক্ষা কার্যক্রম: শিক্ষামন্ত্রী

 


করোনা মহামারি পরিস্থিতি অনেকটাই উন্নতি হওয়ায় শিগগিরই মাধ্যমিক পর্যায়েও নিয়মিত শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।  

শিক্ষামন্ত্রী বুধবার সকালে ঢাকা কলেজে নতুন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন কার্যক্রমের উদ্বোধন শেষে একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

বুধবার থেকেই প্রাথমিক স্তরে পুরোদমে শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে। আর ২২ ফেব্রুয়ারি থেকে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষাস্তরে শ্রেণি কার্যক্রম শুরু হয়। তবে মাধ্যমিকে সীমিত সংখ্যক ক্লাস নেওয়া হচ্ছে।  

শিক্ষামন্ত্রী বলেন, গত দুটা বছর তাদের পড়াশোনায় অনেক ক্ষতি হয়েছে। অনেকে পারিবারিক-সামাজিক এক ধরনের ট্রমার মধ্যে ছিল। তারা সেই সময়টাকে পার করে এসেছে। আমরা আশা করবো আগামী দিনগুলোতে আগের যে ঘাটতি সেটা পুষিয়ে নেওয়ার। এখানে শিক্ষকরাও যেমন চেষ্টা করবেন, তেমনি শিক্ষার্থীদেরও চেষ্টা করতে হবে।

তিনি বলেন, আমাদের আজকে প্রাথমিকের ক্লাস শুরু হলো। আমরা আশা করছি আমাদের মাধ্যমিকেও শিগগিরই স্বাভাবিক জায়গায় চলে যাবার চেষ্টা করবো।

মন্ত্রী বলেন, যেখানে ঘাটতি রয়েছে সেখানে নজর দেব বেশি। আমরা হয়তো এক শিক্ষাবর্ষে সব ঘাটতি পূরণ করতে পারবো না কিন্তু আগামী শিক্ষাবর্ষে সেটুকু পূরণ করতে পারবো।

শিক্ষামন্ত্রী বলেন, যারা বিশ্ববিদ্যালয়ে চলে যাবে এইচএসসি দিয়ে, আমরা বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে কথা বলবো। তাদের বিশ্ববিদ্যালয়ে প্রথম দিককার অন্তত কয়েকটি সপ্তাহ যদি তারা যে বিষয় পড়বে, সে বিষয় আগের ক্লাসে পড়ে এসেছে সেখানে যদি ঘাটতি থাকে সেটার প্রাথমিক একটা অ্যাসেসমেন্ট করে নিয়ে সেখানে যদি ক্লাস করিয়ে নেয় তাহলে সেটা পূরণ করা যাবে।

উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা এখনও সবাই বই পায়নি- এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, করোনার সময়ে কাগজ নিয়ে অনেক সময় সমস্যা হয়েছে, টেন্ডার করতে সমস্যা হয়েছে। আশা করি দ্রুতই বই পেয়ে যাবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নেহাল আহমেদ, ঢাকা কলেজের অধ্যক্ষ আই কে সেলিম উল্লাহ খোন্দকার এ সময় উপস্থিত ছিলেন।

এসএসসিতে ৩ বিষয়ে পরীক্ষা হবে না

এসএসসিতে ৩ বিষয়ে পরীক্ষা হবে না

 



চলতি বছরের এসএসসিতে তিনটি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে না। এসব বিষয়গুলোর নম্বর সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন করা হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। 

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বোর্ডের চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি বছরের এসএসসিতে ধর্ম ও নৈতিক শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ ও বিশ্বপরিচয় অথবা বিজ্ঞান বিষয়ের পরীক্ষা নেওয়া হবে না।
 
আর যেসব বিষয়ে পরীক্ষা নেওয়া হবে সেগুলো হলো- বাংলা, ইংরেজি, গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন, উচ্চতরগণিত, জীববিজ্ঞান, হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, ফিন্যান্স ও ব্যাংকিং, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ভূগোল ও পরিবেশ, পৌরনীতি ও নাগরিকতা, অর্থনীতি, গার্হস্থ্য বিজ্ঞান এবং কৃষি শিক্ষা।

 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আগামী ১৩ এপ্রিল থেকে রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরা ঘরে বসেই অনলাইনে ফরম পূরণ করবে। প্রস্তুতিমূলক পরীক্ষা শুরু হতে পারে ১৯ মে থেকে। আর এসএসসি পরীক্ষা শুরু হতে পারে ১৯ জুন থেকে।
 
নম্বর বিভাজন নিয়ে বলা হয়েছে, যেসব বিষয়ে ব্যবহারিক শিক্ষা নেই, সেসব বিষয়ে ৫৫ নম্বরের (সৃজনশীল ৪০, এমসিকিউ ১৫) পরীক্ষা হবে। আর যেসব বিষয়ে ব্যবহারিক শিক্ষা আছে, সেসব বিষয়ে ৪৫ নম্বরের (সৃজনশীল ৩০, এমসিকিউ ১৫) পরীক্ষা নেওয়া হবে। আর ইংরেজি ১ম ও ২য় পত্রে ৫০ নম্বরের পরীক্ষা হবে। সব মিলিয়ে পরীক্ষার সময় দুই ঘণ্টা করে নির্ধারণ করা হয়েছে।

Wednesday, 16 February 2022

টিকা নেওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি, প্রাথমিকে পরে

টিকা নেওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি, প্রাথমিকে পরে

 


আগামী ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। যে শিক্ষার্থীরা দুই ডোজ টিকা নিয়েছে, কেবল তারাই সশরীরে ক্লাসে অংশ নিতে পারবে। 

 অন্যরা অনলাইনে।  

আর প্রাথমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদানের বিষয়ে আরও দুই সপ্তাহ দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সংক্রান্ত বিষয়ে’ সিদ্ধান্ত জানাতে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মন্ত্রী জানান, দুই ডোজ টিকা দেওয়া থাকলে শিক্ষার্থীরা সশরীরে ক্লাস করতে পারবে। যারা দুই ডোজ নেয়নি তারা অনলাইনে ক্লাস করবে।

মহামারি করোনার কারণে ২১ জানুয়ারি থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সবশেষ আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি বাড়ানো হয়। 

Saturday, 12 February 2022

চট্টগ্রামে এইচএসসিতে পাসের হার ৮৯.৩৯ শতাংশ

চট্টগ্রামে এইচএসসিতে পাসের হার ৮৯.৩৯ শতাংশ


 চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৮৯ দশমিক ৩৯ শতাংশ। বেড়েছে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা।

এবার জিপিএ ৫ পেয়েছে ১৩ হাজার ৭২০ জন পরীক্ষার্থী। গতবার পাসের হার ছিল ৭৮ দশমিক ৪৩ শতাংশ।

রোববার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় চট্টগ্রাম শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ এ ফলাফল ঘোষণা করেন। শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে ফলাফলের তথ্য উপস্থাপন করেন পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ।

শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, ২০২১ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ২৬৭টি কলেজের ১ লাখ ১ হাজার ১০২ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১ লাখ ২১ হাজার ৮৮৮ জন।  পাসের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে থাকলেও জিপিএ ৫ প্রাপ্তির ক্ষেত্রেও ছাত্রীরা এগিয়ে আছে।  

ছাত্রদের পাসের হার ৮৬ দশমিক ৮৯ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৬ হাজার ৫০ জন ছাত্র। ছাত্রীদের পাসের হার ৯১ দশমিক ৮৫ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছে ৭  হাজার ৬৭০ জন ছাত্রী।  তিনটি শাখার মধ্যে বিজ্ঞানে ৯২ দশমিক ২০ শতাংশ, ব্যবসায় শিক্ষা বিভাগে ৮৮ দশমিক ৫৮ শতাংশ এবং মানবিকে পাস করেছে ৮৮ দশমিক ৭৬ শতাংশ।

এ সময় উপস্থিত ছিলেন কলেজ পরিদর্শক অধ্যাপক জাহেদুল হক, বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলি।

এইচএসসির ফল প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

এইচএসসির ফল প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

 


আনুষ্ঠানিকভাবে ২০২১ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে, পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান ও প্রতিবেদন প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে হস্তান্তর করা হয়। 

রোববার (১৩ ফেব্রুয়ারি) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে সংযুক্ত হয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী (নওফেল)।

 

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি না বাড়ানোর আশা দীপু মনির

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি না বাড়ানোর আশা দীপু মনির

 


দেশে করোনা সংক্রমণের হার কমে আসায় স্কুল-কলেজের ছুটি আর বাড়াতে হবে না বলে আশা প্রকাশ করছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

 শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য পুস্তক বোর্ড আয়োজিত নতুন শিক্ষাক্রম নিয়ে মতবিনিময় সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি একথা জানান। 

শিক্ষামন্ত্রী বলেন, চলতি সপ্তাহের মাঝামাঝি বা শেষ দিকে জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আমাদের পরবর্তী সভা হবে। যেহেতু এখন সংক্রমণের হার কমে আসছে, সেজন্য আমরা সবাই খুব আশাবাদী যে এরপর আর শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রাখার তারিখ বাড়াতে হবে না। যদিও আমি এই মুহূর্তে সুস্পষ্টভাবে বলতে পারছি না।

তিনি বলেন, জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত (শিক্ষা প্রতিষ্ঠান খোলা) নিতে পারব।

দেশে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২১ জানুয়ারি থেকে স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে।

সবশেষ আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রাখার কথা জানানো হয়।

 

Thursday, 3 February 2022

পিএসসির সদস্য হলেন ঢাবির ২ শিক্ষক

পিএসসির সদস্য হলেন ঢাবির ২ শিক্ষক


 ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের অধীন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মুবিনা খন্দকার এবং সমাজ বিজ্ঞান অনুষদের অধীন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য নিয়োগ পেয়েছেন।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই দুই শিক্ষককে রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছেন জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাদের নিয়োগ দেওয়া হয়েছে।  

জানা যায়, তাদের দায়িত্বের মেয়াদকাল পাঁচ বছর। তবে মেয়াদকালের আগেই বয়স ৬৫ বছর পূর্ণ হলে সেই সময়ে তাদের সদস্যপদের দায়িত্বও শেষ হবে।

সরকারের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এই দু’জনকে নিয়ে কমিশনের সদস্য সংখ্যা হল ১৪ জন।