অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে জাতীয় সরকারের অনিবার্যতার ওপর গুরুত্বারোপ করে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে গণআন্দোলন ও গণঅভ্যুত্থান সংঘঠিত করে সরকার পতনের মাধ্যমে জাতীয় সরকার গঠন করতে হবে। এই জাতীয় সরকারই রাষ্ট্রীয় সংস্কার সাধনের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবে।বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) জেএসডির স্থায়ী কমিটির সভায় সভাপতির বক্তব্যে আ স ম আবদুর রব এ কথা বলেন।
উত্তরার বাসায় অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় বক্তব্য রাখেন, স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, মো. সিরাজ মিয়া, তানিয়া রব এবং শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
সভায় আ স ম রব বলেন, আইনের শাসনের অনুপস্থিতি, নির্বাচনহীনতা এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে বিশ্বে রাষ্ট্রের মর্যাদা ক্ষুণ্ন হয়ে এখন তলানীতে। এই অবস্থা বিদ্যমান থাকলে ভূ-রাজনীতিতে বাংলাদেশ বড় ধরনের সংকটে নিপতিত হবে।
তিনি বলেন, দেশের ভেতরে মানুষের বাক-ব্যক্তি স্বাধীনতা নেই, ভয়ের সংস্কৃতিতে মানুষ কথা বলতে পারছে না। দুর্নীতিতে সারাদেশ আচ্ছন্ন, উন্নয়নের ডামাঢোলে সমাজে প্রতিনিয়ত বেকারত্ব ও বৈষম্য বৃদ্ধি পাচ্ছে, লুটপাটের মাধ্যমে দেশের সম্পদ পাচার হয়ে যাচ্ছে। এসব চলতে দেওয়া যায় না। সরকারকে পদত্যাগে বাধ্য করার ভেতর দিয়েই গণমুখী রাজনীতির বিকাশ ঘটাতে হবে। বাঙালির তৃতীয় জাগরণের এ পর্যায়ে দেশ পরিচালনায় সব অংশীজনের ভূমিকা নিশ্চিত করলেই জাতীয়তাবাদের বিকাশ সুনিশ্চিত হবে।


0 coment rios: